বালু উত্তোলন বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, ৫ গুলিবিদ্ধ

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলায় পাঁচ গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার চরলাপাং এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন নুরুল আমীন (৪০), রূপ মিয়া (৪৫), সফর মিয়া (৫০), সিয়াম হোসেন (১৬) ও ইব্রাহিম মিয়াকে (৩০)। তারা নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

স্থানীয় ও পুলিশ জানায়, চরলাপাং গ্রামের পাশ দিয়ে বয়ে যাওযা মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে অর্ধ শতাধিক ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করে আসছিল। এতে চরলাপাংসহ আশপাশের গ্রামগুলো নদী ভাঙনের কবলে পড়ে। গ্রামবাসী বারবার এর প্রতিবাদ করেও এর কোনো প্রতিকার পায়নি। তবে অভিযোগের প্রেক্ষিতে মাঝে মাঝে প্রশাসন অভিযান চালায়। এতে কয়েকদিন বন্ধ থাকার পর আবারও নদী থেকে বালু উত্তোলন শুরু হয়।

এছাড়া ড্রেজারে থাকা অস্ত্রধারীরা চররাপাং গ্রামের জমি থেকে তাদের ফসল জোরপূর্বকভাবে কেটে নিয়ে যায় বলেও অভিযোগ আছে।

ভুক্তভোগীদের বরাতে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ফসলি জমির ধান কেটে নেওয়া ও বালু উত্তোলনের প্রতিবাদ করায় রবিবার সকালে ৩০ জন সন্ত্রাসী গ্রামবাসীর ওপর সশস্ত্র হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে পাঁচ জন ও ছুটাছুটির সময় আরও ১৫ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ত্রাসীদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, এটা ঠিক নয় আমরা যথাযথ নিয়মেই অভিযান চালিয়ে আসছি। নব-নির্বাচিত এমপিকে নিয়ে অভিযান চালানোর পরিকল্পনা রয়েছেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত