ভোলার দৌলতখান উপজেলায় নিজ বসতঘর থেকে রুমা বেগম (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়—পরিকল্পিত হত্যা।
রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। রুমা বেগম একই এলাকার লোকমানের স্ত্রী। তাদের সংসারে দুই ছেলে সন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রুমা বেগম দৌলতখান উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাশেম মাস্টারের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় রুমাকে দেখতে পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের অভিযোগ, রুমার স্বামী লোকমান দীর্ঘদিন ধরে স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ দিতেন না এবং বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করতেন। তাদের দাবি, রুমাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সিকদার জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। মরদেহ স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।