মাছ চুরির অপবাদ দিয়ে শ্রমজীবীকে নির্যাতন, মূল আসামি ঢাকায় গ্রেপ্তার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ পিএম

শরীয়তপুরে মাছ চুরির অপবাদ দিয়ে শ্রমজীবী সেলিম পাইককে (৩২) নির্যাতনের ঘটনায় মামলার প্রধান আসামি শাহীন মাদবরকে (৪২) গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ রবিবার বিকেল পৌনে ৩টার দিকে র‌্যাব-৮ ও র‌্যাব-১০ যৌথ অভিযানে ঢাকার লালবাগ থানার পলাশীর মোড় থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শাহিন মাদবর শরীয়তপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পালং এলাকার বাসিন্দা। তিনি মাছের ঘের ব্যবসায়ী এবং শরীয়তপুর জেলা আন্তঃপরিবহন মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক।

মাদারীপুর র‌্যাব-৮ কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেনের স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় মাদারীপুর র‌্যাব-৮ ও ঢাকা লালবাগ র‌্যাব-১০ এর যৌথ আভিযানিক দল ঢাকা পলাশীর মোড় এলাকা থেকে শরীয়তপুরের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি শাহীন মাদবরকে গ্রেপ্তার করা হয়। আসামি শাহীনকে শরীয়তপুরের ডামুড্যা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব ও মামলা সূত্রে জানা যায়, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইকরি এলাকায় গত রবিবার ভোরে মাছ চুরির অপবাদ দিয়ে সেলিম পাইককে পিটিয়ে পা ভেঙে দেন মাছের ঘের ব্যবসায়ী শাহিন মাদবর ও তার সহযোগীরা। পিটিয়ে সেলিমকে মাটিতে ফেলে রাখা হয়। পরে অবস্থা খারাপ দেখে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে এনে ভর্তি করে পরিবার। সেলিমের অবস্থার অবনতি হলে তাকে জাতীয় অর্থোপেডিক পঙ্গু হাসপাতাল প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় বুধবার সকালে শাহীন মাদবর ও জিসান ফকিরের নাম উল্লেখ করে ৪/৫জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন আহত সেলিমের বড় বোন মাকছুদা বেগম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত