লা লিগার শিরোপা দৌড় এখন তুঙ্গে। শনিবার রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে বড় চমক দেখিয়েছে ওসাসুনা। ভিনিসিয়ুস জুনিয়র গোল করে সমতা ফেরালেও শেষ মুহূর্তের নাটকীয়তায় হার এড়াতে পারেনি কার্লো আনচেলত্তির উত্তরসূরি আলভারো আরবেলোয়ার দল। এই হারের ফলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সামনে সুযোগ তৈরি হয়েছে লিগ টেবিলের শীর্ষে ওঠার।
চলতি সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ম্যাচের পর জিয়ানলুকা প্রেস্টিয়ানির বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলেছিলেন ভিনিসিয়ুস। সেই বিতর্কের মধ্যেও মাঠের পারফরম্যান্সে তার কোনো প্রভাব পড়েনি। ৭৩ মিনিটে ফেদেরিকো ভালভার্দের ক্রস থেকে সøাইড করে গোল দিয়ে রিয়ালকে ১-১ সমতায় ফেরান তিনি। গত চার ম্যাচে এটি ছিল তার পঞ্চম গোল। কিন্তু তার এই গোল শেষ পর্যন্ত দলের হার ঠেকাতে যথেষ্ট ছিল না।
ম্যাচের শুরু থেকেই রিয়াল মাদ্রিদ আক্রমণাত্মক খেললেও ওসাসুনার কাউন্টার অ্যাটাক তাদের বারবার বিপদে ফেলেছে। ৩৪ মিনিটে গোলরক্ষক থিবো কোর্তোয়া আন্তে বুদিমিরকে ফাউল করায় রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ভিএআর রিভিউয়ের মাধ্যমে পেনাল্টি পায় ওসাসুনা। বুদিমির ঠা-া মাথায় স্পট কিক থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন। ৭০ মিনিটে কিলিয়ান এমবাপ্পে বল জালে পাঠালেও ভিএআর পরীক্ষায় সেটি অফসাইড বলে বাতিল হয়।
৯০ মিনিটে দানি সেবালোস মাঝমাঠে বল হারালে পাল্টা আক্রমণ থেকে রাউল গার্সিয়া ডেল হারো দুর্দান্ত এক শটে কোর্তোয়াকে পরাস্ত করেন। শুরুতে অফসাইডের কারণে গোলটি বাতিল হলেও ভিএআর রিভিউ শেষে রেফারি গোলের সিদ্ধান্ত দেন।
এই হারের পর রিয়াল মাদ্রিদ ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বার্সেলোনা। বার্সা এক ম্যাচ কম খেলে ৫৮ পয়েন্টে আছে। রবিবার লেভান্তেকে হারিয়ে থাকলে রিয়ালকে টপকে আবার শীর্ষে উঠে গেছে বার্সা।