ভোলার তজুমদ্দিন উপজেলায় ধর্মীয় অনুষ্ঠান (কীর্তন) থেকে বাড়ি ফেরার পথে প্রতিবন্ধী নারীকে (২৬) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ এলাকার মো. রাকিব (৩০), মো. জুয়েল (৩৫) এবং মাওলানাকান্দি এলাকার আল আমিন সম্রাট (২০)।
গতকাল মঙ্গলবার সকালে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহীম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২২ ফেব্রুযারি রাতে ভুক্তভোগী নারী তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে আসামিরা তাকে প্রলোভন দেখিয়ে অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। এরপর তারা গুরুতর অবস্থায় ওই নারীকে ইউনিয়নের শশীগঞ্জ এলাকার রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় গত সোমবার ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তজুমদ্দিন থানায় একটি মামলা করেন।