সুন্দরবন সুরক্ষায় গণসচেতনতা সৃষ্টিতে জাতীয়ভাবে সুন্দরবন দিবস পালন ও সুন্দরবনবিষয়ক আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি নিয়ে খুলনায় পালিত হয়েছে সুন্দরবন দিবস। প্রতিবারের মতো বেসরকারি সংস্থা রূপান্তর, সুন্দরবন একাডেমি ও বন বিভাগের যৌথ আয়োজনে গতকাল মঙ্গলবার খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে দিবসটি পালনের অংশ হিসেবে আলোচনা সভা, ফটোগ্রাফি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ।
সভায় ইমরান আহমেদ বলেন, সুন্দরবন বন বিভাগ এবং এই অঞ্চলের সুন্দরবনপ্রেমী মানুষদের যৌথ উদ্যোগে ১৪ ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবস ঘোষণার জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সুন্দরবন সুরক্ষায় আলাদা মন্ত্রণালয় গঠন করতে হবে। এ ছাড়া প্লাস্টিক দূষণ সুন্দরবনের জন্য এক নীরব ঘাতক। এই দূষণ শুধু জলজ প্রাণী ও উদ্ভিদের জীবন হুমকির মুখে ফেলে দিচ্ছে না, বরং খাদ্যশৃঙ্খলেও নেতিবাচক প্রভাব ফেলছে। সুন্দরবন একাডেমির নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, সুন্দরবন পশ্চিম বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাসানুর রহমান ও রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। অনুষ্ঠানে ‘সুন্দরবনের গুরুত্ব, বর্তমানের হুমকি এবং সুন্দরবন দিবসের তাৎপর্য’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. ওয়াসিউল ইসলাম। উল্লেখ্য, ২০০১ সাল থেকে বেসরকারিভাবে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি সুন্দরবন দিবস পালিত হয়ে আসছে। এ বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ১৪ ফেব্রুয়ারি পরিবর্তে আলোচনা সভা ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়।