পিলখানা হত্যাকান্ডের যথাযথ বিচার করা হবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করবে না। অন্তর্বর্তী সরকার যথোপযুক্ত লোক দিয়েই তদন্ত কমিশন গঠন করেছিল।
গতকাল বুধবার সকালে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, পিলখানা হত্যাকা- শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর ইতিহাসে নৃশংসতম হত্যাকা-ের একটি। এই হত্যাকান্ডের পেছনের মূল্য উদ্দেশ্য কি ছিল, তা জানার জন্য তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও তার ফল আজও প্রকাশিত হয়নি।
তিনি আরও বলেন, এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়, যার রিপোর্ট আমাদের সামনে এসেছে। তবে সে রিপোর্ট বাস্তবায়নে সে সরকার তেমন কোনো উদ্যোগ নেয়নি। সরকার নতুন করে তদন্ত কমিশনও গঠন করবে না। অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশনের রিপোর্টে যে সুপারিশগুলো এসেছে, বিচারাধীন যে মামলাগুলো আছে, এই বিচারিক প্রক্রিয়াগুলোকে সমাপ্ত করা হবে। অন্যান্য সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।
