বিজিএমইএর ধন্যবাদ

নগদ সহায়তার ২৫০০ কোটি টাকা অনুমোদন

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১২:৩৩ এএম

রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পসহ সংশ্লিষ্ট খাতগুলোর বকেয়া নগদ সহায়তার বিপরীতে ২ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধের চাপে থাকা উদ্যোক্তাদের জন্য সরকারের এই সিদ্ধান্ত বড় ধরনের স্বস্তি নিয়ে এসেছে। সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

পোশাকশিল্পের বর্তমান সংকটকালে এ সিদ্ধান্তকে জরুরি ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে সরকারের শীর্ষ পর্যায়সহ অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের প্রতি গভীর

কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে যখন শিল্প মালিকদের ওপর শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধের পাশাপাশি বিদ্যুৎ এবং গ্যাস বিল পরিশোধের প্রবল চাপ সৃষ্টি হয়েছে, ঠিক সেই মুহূর্তে এ অর্থ বরাদ্দ শিল্প মালিকদের জন্য বড় ধরনের স্বস্তি বয়ে এনেছে।

আটকে থাকা নগদ সহায়তার অর্থছাড়ের লক্ষ্যে সাম্প্রতিক সময়ে সরকারের শীর্ষপর্যায়, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকের সঙ্গে দফায় দফায় ফলপ্রসূ আলোচনা ও বৈঠক করেছে বিজিএমইএর বর্তমান বোর্ড। এরই ধারাবাহিকতায় অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে ২৫০০ কোটি টাকার এ তহবিল অনুমোদিত হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির প্রথম ধাপে ১৫০০ কোটি টাকা এবং দ্বিতীয় ধাপে ১০০০ কোটি টাকা ২৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

বিজিএমইএ তার সদস্য প্রতিষ্ঠানগুলোকে নিজ নিজ লিয়েন ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত