পুলিশের পোশাক পরে চালককে মারধর করে ইজিবাইক ছিনতাই

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৩:৩১ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পরে চালককে মারধর করে ইজিবাইক ছিনতাই করে নিয়েছে সংঘবদ্ধ দুর্বৃত্তদল। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী ইজিবাইক চালক গোলাম হোসেন অজ্ঞাত পরিচয়ে পাঁচজন দুর্বৃত্তকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এর আগে, গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের বাগদা এলাকার চারাবট গাছ নামক স্থানে এ ঘটনা ঘটে। ইজিবাইক চালক গোলাম হোসেন পার্শ্ববর্তী দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাহেবগঞ্জ চাম্পাতলী গ্রামের আমিরুল ইসলামের ছেলে।

গোলাম হোসেন জানান, স্থানীয় ব্যবসায়ী আজিজ মন্ডলকে (৫৮) নিয়ে তরমুজ কেনার জন্য ইজিবাইক নিয়ে শিবগঞ্জ উপজেলার মহাস্থানে যাচ্ছিলাম। পথিমধ্যে সেখানে পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার পথরোধ করে। এ সময় পুলিশের পোষাক পরিহিত পাঁচজন যুবক প্রাইভেট কার থেকে নেমে আসেন। তারা গোলাম হোসেনকে ব্যাপক মারধর করে ইজিবাইকটি নিয়ন্ত্রণে নেয় এবং তরমুজ ব্যবসায়ী আব্দুল আজিজকেও মারধর করে কাছে থাকা নগদ ৭৫ হাজার টাকা ও একটি স্মাট ফোন ছিনিয়ে নেয়। পরে দুর্বৃত্তদের একজন ইজিবাইকটি চালিয়ে নিয়ে যায় এবং অপর চারজন ইজিবাইক চালককে প্রাইভেট কারে তুলে নিয়ে সটকে পড়ে। পরে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জের কলাবাগান নামক স্থান থেকে ইজিবাইক চালক গোলাম হোসেনকে উদ্ধার করে স্বজনরা।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত