হিলি স্থলবন্দরে দোল (হোলি) উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

আপডেট : ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৬ পিএম

সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হোলি বা দোলযাত্রা উৎসব উপলক্ষ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতরের সকল কার্যক্রম ও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মাঝে যাত্রী পারাপার কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

হিলি কাস্টমস সিআ্যন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম বলেন, আজ বুধবার (৪ মার্চ) ভারতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব হোলি বা দোলযাত্রা উৎসব। এ উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় ভারতীয় রপ্তানিকারকরা আজ বন্দর দিয়ে ভারত থেকে বাংলাদেশে পণ্য রপ্তানি যেমন বন্ধ রেখেছেন। তেমনি বাংলাদেশ থেকে কোন আমদানিকৃত পণ্য গ্রহণ করছেননা। এর ফলে সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দরের ভেতরে পূর্বের আমদানিকৃত পণ্য খালাস ভর্তি ডেলিভারি দেওয়াসহ অন্যান্য সকল কার্যক্রম চালু রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হবে।  

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রমের কোন বন্ধ নেই। অন্যান্য দিনের মতই বুধবার সকাল সাড়ে ৯টা থেকে এই পথ দিয়ে দুদেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম চালু রয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বৈধ পাসপোর্ট যাত্রীরা এই পথ দিয়ে চলাচল করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত