ভোলায় গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০৩:৫২ পিএম

ভোলায় কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে গাঁজাসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা সদর থানার শান্তিরহাট অটো ব্রিকফিল্ড সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযান চালিয়ে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ মো. সোলেমান বাদশা (২৮) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি বড় চর সামাইয়া শান্তিরহাট এলাকার বাসিন্দা এবং আব্দুর রবের ছেলে। 

অপরদিকে একইদিন রাত ৯টার দিকে সদর থানার ৯ নম্বর সদূরচর সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ২০ হাজার টাকা মূল্যের ৫০০ গ্রাম গাঁজাসহ মো. হাশেম (৪৪) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি সদূরচর এলাকার মৃত জলিল বেপারির ছেলে।

পরে জব্দকৃত গাঁজা এবং আটক দুই মাদক কারবারিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত