আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্রের সাবমেরিনের টর্পেডো হামলায় একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনায় হোয়াইট হাউজের গুরুত্বপূর্ণ অংশীদার নয়াদিল্লির জন্য অস্বস্তিকর প্রশ্নের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন এক বিশ্লেষক। কারণ, জাহাজটি ভারতীয় বন্দর থেকে যৌথ নৌ-মহড়া শেষ করে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই ধ্বংস করা হয়।
সিএনএন জানায়, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জাহাজটিকে ‘আইআরআইএস ডেনা’ বলে শনাক্ত করেছেন। ফ্রিগেটটি ভারতের পূর্বাঞ্চলের একটি বন্দর থেকে নিজ দেশে ফিরছিল, যেখানে গত মাসে ভারতীয় নৌবাহিনী তাকে স্বাগত জানিয়ে যৌথ কার্যক্রমে অংশ নিয়েছিল। এ ঘটনায় ৮০ জনের বেশি নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
উপসাগরীয় অঞ্চল থেকে হাজার হাজার কিলোমিটার দূরে ভারত মহাসাগরে এ হামলা হয়। উপসাগরীয় অঞ্চল থেকেই টানা ছয় দিন ধরে ইরানে ভয়াবহ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। সিএনএন বলছে, ১৯৪৫ সালের পর এই প্রথমবার যুক্তরাষ্ট্রের সাবমেরিন টর্পেডো ব্যবহার করে কোনো যুদ্ধজাহাজ ডুবিয়েছে। এ হামলা আন্তর্জাতিক জলসীমায় ঘটলেও নয়াদিল্লির জন্য তা অস্বস্তিকর হতে পারে। হামলাটি এমন এক সমুদ্র অঞ্চলে ঘটেছে, যাকে ভারত তার নিজস্ব প্রভাব বলয়ের অংশ বলে মনে করে এবং এর আগে ভারত ওই জাহাজের নাবিকদের অভ্যর্থনা জানিয়েছিল।
