সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত হলো লিওনেল মেসি এবং তার ক্লাব ইন্টার মায়ামির ফুটবলারদের। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এমএলএস কাপের ট্রফি জেতে ইন্টার মায়ামি। সেই জয় উদ্যাপনে মায়ামির তারকাদের হোয়াইট হাউস সফরে আমন্ত্রণ জানানো হয়।
সাক্ষাতপর্বের এক পর্যায়ে মেসি যখন তার সতীর্থদের সাথে প্রেসিডেন্টের পেছনে দাঁড়িয়ে ছিলেন, তখন ট্রাম্প ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে আসার পর মেসির ওপর থাকা চাপের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘এই মানুষটি, লিওনেল মেসি… এখানে এসেছে এবং জয় করেছে। অনেক বড় বড় খেলোয়াড় এখানে আসেন, তারা মোটামুটি খেলেন কিন্তু জিততে পারেন না। কিন্তু লিও, তুমি এখানে এসেছ এবং জিতে নিয়েছ। তোমার ওপর অন্যদের চেয়ে অনেক বেশি চাপ ছিল। কিন্তু সেই চাপ সামলেই তুমি জয়ী হয়েছ।’
মেসির ইন্টার মায়ামিতে যোগদানের পর থেকে এমএলএসের রূপরেখা বদলে গেছে। রেকর্ড পরিমাণ দর্শক উপস্থিতি, বিশাল টেলিভিশন রেটিং এবং আন্তর্জাতিক মিডিয়ার মনোযোগ এখন মার্কিন ফুটবলের দিকে। এর ফলে ইন্টার মায়ামি বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্লাবে পরিণত হয়েছে। মেসি ছাড়াও ক্লাবটিতে লুইস সুয়ারেজ, রদ্রিগো ডি পল, জর্দি আলবার মতো বিশ্ব তারকারা ক্লাবটিতে যোগ দিয়েছেন।
২০২২ কাতার বিশ্বকাপে মেসির জাদুতে ৩৬ বছর পর শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই ঐতিহাসিক জয়ের কথা উল্লেখ করে ট্রাম্প তাকে বর্তমান বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে অভিহিত করেন। শেষে কিছুটা রসিকতা করে মার্কিন প্রেসিডেন্ট মেসিকে বলেন, ‘তুমি বিশ্বের যেকোনো জায়গায় যেতে পারতে, কিন্তু তুমি যুক্তরাষ্ট্রকেই বেছে নিয়েছ। আমি এজন্য তোমাকে দোষ দিচ্ছি না; কারণ এখানকার আবহাওয়া চমৎকার।’
টি–টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ার হিসেবে যারা থাকছেন
বসুন্ধরা ও আবাহনীর দাপুটে জয়; পুলিশ-ব্রাদার্সের পয়েন্ট ভাগাভাগি