প্রকৃতির সান্নিধ্য আর মুক্ত আকাশ ছেড়ে লোকালয়ে মানুষের সান্নিধ্যে ঠাঁই নিয়েছে এক জোড়া কালিম পাখি। বিল-ঝিল আর নদীর জলজ পরিবেশে যাদের বসবাস, তারা এখন সংসার পেতেছে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার ভ- গ্রামের ফারুক আহাম্মেদ বাড়িতে। কিন্তু তার বাড়ির দৃশ্যটি এখন আর সাধারণ নেই।
তার টিনের চাল বেয়ে ওঠা ঘন শিম গাছটি এখন একটি দুর্লভ নীড়ে পরিণত হয়েছে। সেখানেই বাসা বেঁধেছে একটি কালিম পাখি। শুধু বাসাই নয়, পাখির সেই নীড়ে এখন সযতেœ রাখা আছে ডিম। পাখিটি নিয়মিত ডিমে তা দিচ্ছে।
বন্য এই পাখিটি সাধারণত মানুষের কাছ থেকে দূরে থাকতেই পছন্দ করে। তবে ফারুক আহাম্মেদের বাড়িতে দেখা গেছে ভিন্ন চিত্র। বাড়ির লোকজনের যাতায়াত থাকলেও পাখিটি নির্ভয়ে ডিমে তা দিয়ে যাচ্ছে। নতুন অতিথির অপেক্ষায় দিন গুনছে পাখিটি, আর সেই রোমাঞ্চ ছুঁয়ে গেছে পুরো ভ- গ্রামকে। ব্যতিক্রমী এই দৃশ্য দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক প্রতিবেশী ও পাখিপ্রেমীরা।
এ ব্যাপারে জানতে চাইলে বাড়ির মালিক ফারুক আহাম্মেদ গতকাল বলেন, তিনি পাখিটির নিরাপত্তায় সর্বোচ্চ খেয়াল রাখছেন, যাতে কোনোভাবে এই বুনো অতিথি ভয় না পায়। প্রকৃতি ও মানুষের এই মেলবন্ধন ঠাকুরগাঁওয়ের এই প্রান্তিক গ্রামটিতে এক দারুণ ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।