গাইবান্ধা সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের ১১ দিন পর উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণ মামলার প্রধান আসামি তামিম মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী। এর আগে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনার সাঁথিয়া উপজেলার ভদ্রকোলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করার পাশাপাশি অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তামিম মিয়া গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর গ্রামের রশিদুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, দীর্ঘদিন ধরে তামিম মিয়া ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এ নিয়ে প্রায়ই তামিম তাকে পথে বিরক্ত করত। এক পর্যায়ে ওই ছাত্রী তার পরিবারকে ঘটনা জানায়। পরে পরিবারের লোকজন তামিম মিয়া ও তার পরিবারকে এ ব্যাপারে সতর্ক করে। এতে তামিম ক্ষুব্ধ হয়। গত ২২ ফেব্রুয়ারি সকালে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়তে যাচ্ছিল। পথে তামিম ও তার সহযোগীরা স্কুলছাত্রীকে নানাভাবে প্রলোভন দেখায়। এক পর্যায়ে তারা ওই ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত জায়গায় নিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে ওই ছাত্রীর মা বাদী হয়ে গত ২৪ ফেব্রুয়ারি গাইবান্ধা সদর থানায় মামলা করেন।