ফুটবল ইতিহাসে আরেকটি বড় মাইলফলকের খুব কাছে পৌঁছে গেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে গোল করে এখন ক্যারিয়ারের ৯০০তম গোল থেকে মাত্র এক ধাপ দূরে তিনি।
শনিবার মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ডি.সি. ইউনাইটেডকে ২–১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই ম্যাচে দলের দ্বিতীয় গোলটি করেন মেসি। ফলে তার মোট ক্যারিয়ার গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮৯৯।
শনিবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মায়ামি। ম্যাচের ১৭ মিনিটে মিডফিল্ডার রদ্রিগো ডি পল গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ২৭ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান বাড়ান মেসি।
দ্বিতীয়ার্ধে ৭৫ মিনিটে একটি গোল শোধ করেন তাই বারিবো, তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি। ২০২৩ সালের জুনে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির হয়ে ইতিমধ্যে ৮০ গোল করেছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
ক্লাব ক্যারিয়ারে তার গোলের বড় অংশ এসেছে বার্সেলোনার হয়ে, যেখানে তিনি করেছেন ৬৭২ গোল। পরে ফ্রান্সের প্যারিস সাঁ জার্মাঁর হয়ে করেছেন ৩২ গোল। জাতীয় দলের জার্সিতে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের হয়ে তার গোলসংখ্যা ১১৫।
সব মিলিয়ে এখন মেসির মোট গোল ৮৯৯। আগামী ১১ মার্চ ন্যাশভিল এসসির বিপক্ষে ম্যাচেই তিনি ৯০০ গোলের ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করার সুযোগ পাবেন।
ফুটবলে বর্তমানে সক্রিয় খেলোয়াড়দের মধ্যে এই মাইলফলক স্পর্শ করেছেন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি ২০২৪ সালের সেপ্টেম্বরে নিজের ৯০০তম গোলটি করেন। বর্তমানে তার গোলসংখ্যা ৯৬৫। এখন দেখার বিষয়, মেসি কত দ্রুত এই ঐতিহাসিক মাইলফলকে পৌঁছান।
