পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা–মাওয়া মহাসড়কে যানজট ও যাত্রীভোগান্তি কমাতে কেরানীগঞ্জে উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মহাসড়কের প্রবেশমুখ কেরানীগঞ্জের কদমতলী এলাকায় অবৈধ স্ট্যান্ড ও ফুটপাত দখল করে বসা হকারদের উচ্ছেদে এ অভিযান পরিচালনা করা হয়।
আজ রবিবার দুপুরে কদমতলী এলাকায় সড়কে শৃঙ্খলা ফেরাতে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের নেতৃত্বে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন। এ সময় মহাসড়কের পাশে গড়ে ওঠা অবৈধ পরিবহন স্ট্যান্ড এবং ফুটপাত দখল করে বসানো অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। পাশাপাশি সড়কের পাশে রাখা বিভিন্ন যানবাহনও সরিয়ে দেওয়া হয়।
প্রশাসন জানায়, ঈদকে কেন্দ্র করে রাজধানী থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় ঘরমুখো মানুষের চাপ বাড়ে। ফলে ঢাকা–মাওয়া মহাসড়কে যানবাহনের সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পায়। কিন্তু মহাসড়কের প্রবেশমুখ কদমতলী এলাকায় অবৈধ স্ট্যান্ড, ফুটপাত দখল এবং সড়কের পাশে এলোমেলোভাবে যানবাহন পার্কিংয়ের কারণে প্রায়ই যানজট সৃষ্টি হয়। এতে যাত্রীদের দীর্ঘ সময় ভোগান্তিতে পড়তে হয়।
এ পরিস্থিতি মোকাবিলায় সড়ক দখলমুক্ত রাখতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। অভিযানের সময় অবৈধভাবে স্থাপিত কয়েকটি স্ট্যান্ড ও অসংখ্য দোকান সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ফুটপাত পথচারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক বলেন, ঈদ উপলক্ষে ঢাকা–মাওয়া মহাসড়কে যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ স্ট্যান্ড ও ফুটপাত দখল করে বসা দোকানপাট উচ্ছেদের পর নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। কেউ পুনরায় সড়ক বা ফুটপাত দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নিপুণ রায় চৌধুরী, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব কর্মকর্তা আফতাব আহমেদ, কেরানীগঞ্জ মডেল রাজস্ব কর্মকর্তা জান্নাতুল মাওয়াসহ প্রমুখ।
রূপপুর বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: তথ্য ও প্রযুক্তিমন্ত্রী
আগামী এক বছরের জন্য ব্যাটিং কোচ আশরাফুল