সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। এ সময় ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন দিয়েছে স্থানীয় জনতা।
গতকাল রবিবার সকাল ছয়টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিন ছিনতাইকারী একটি মোটরসাইকেলে করে এসে এক পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া দেন। এতে দুই ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও একজন জনতার হাতে ধরা পড়ে। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ওই ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
