শ্রীপুরে মৃত প্রসূতিকে হাসপাতালে রেখেই পালাল কর্তৃপক্ষ

আপডেট : ০৯ মার্চ ২০২৬, ০৫:৩৬ পিএম

গাজীপুরের শ্রীপুরে এক প্রাইভেট হাসপাতাল এন্ড ক্লিনিকে মৃত প্রসূতি রেখেই পালালেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরে নিহতের স্বজন ও আশপাশের লোকজন ক্ষুব্দ হয়ে হাসপাতালে ভাঙচুর চালিয়েছে।

সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় মাওনা চৌরাস্তা ফুলবাড়িয়া সড়কে লাইফ কেয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর এ ঘটনা ঘটে। 

নিহত প্রসূতির নাম রুমা আক্তার (২৫)। তিনি পৌরসভার উজিলাব গ্রামের মো. মানিক মিয়ার স্ত্রী। সিজারিয়ান অপারেশনে জন্ম নেওয়া শিশু সুস্থ রয়েছে।

এদিকে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অভিযানে যান। এটি সিলগালা করা হবে বলেও জানানো হয়েছে। বিদ্যুৎলাইন কেটে দেওয়া হয়েছে। 

স্বজনরা জানিয়েছেন, রবিবার রাত ২টায় হাসপাতালে প্রসূতির মৃত্যু হয়। একই দিন রাত ১০টায় প্রসূতির সিজারিয়ান অপারেশন হয় লাইফ কেয়ার হাসপাতাল এন্ড ক্লিনিকে।  

রুমা আক্তারের বোন কামরুন নাহার বলেন, লাইফ কেয়ার হাসপাতালে রোগী নিয়ে আসার পর কর্তৃপক্ষ রবিবার রাত ১০টায় অস্ত্রোপচার (সিজার) শুরু করে। প্রায় দুই ঘণ্টা হয়ে গেলেও জন্ম নেওয়া শিশুকে বের করে আনলেও রোগী সম্পর্কে তারা কোনো তথ্য দিচ্ছিলেন না। একপর্যায়ে অভিভাবকদের না জানিয়ে মধ্যরাতে রোগীকে ঢাকায় নিয়ে যায়। পরে সকালের দিকে রোগীকে মৃত অবস্থায় এম্বুলেন্সে করে হাসপাতালে সামনে রেখে সবাই পালিয়ে যায়।
স্বজনরা অভিযোগ করে বলেন, চিকিৎসক ছাড়া ওই হাসপাতালের নার্সদের দিয়ে অস্ত্রোপচার করার ফলে রোগীর মৃত্যু হয়েছে। তাদের বাড়ির পাশে হাসপাতাল মালিকের বাড়ি হওয়ায় রোগীকে সেখানে নিয়ে এসেছিলেন তারা। কিন্তু অবহেলা করে ভুল চিকিৎসায় রোগীকে মেরে ফেলা হয়েছে। পরে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর চালিয়েছে।

শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে হাসপাতালের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। মরদেহ পরিবার বুঝে নিলেই এটি সিলগালা করে দেওয়া হবে। এ সময় হাসপাতালে কোনো কর্তৃপক্ষ ছিলোনা। তিনি বলেন, এ হাসপাতালে ডাক্তারও ছিলোনা দায়িত্বপালন কালে। ফলে রোগীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত