গাজীপুরের শ্রীপুরে এক প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ক্লিনিকে মৃত প্রসূতি রেখেই পালালেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরে নিহতের স্বজন ও আশপাশের লোকজন ক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর চালিয়েছে। গতকাল সোমবার সকাল ১১টার দিকে মাওনা চৌরাস্তা ফুলবাড়িয়া সড়কে লাইফ কেয়ার হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটে। পরে মৃত প্রসূতিকে রেখেই পালিয়ে গেছেন ক্লিনিকের চিকিৎসক, নার্সসহ কর্তৃপক্ষের সবাই। এর জেরে সেখানে ব্যাপক ভাঙচুর চালনো হয়। প্রসূতির নাম রুমা আক্তার (২৫)। তিনি পৌরসভার উজিলাব গ্রামের মো. মানিক মিয়ার স্ত্রী।
রুমা আক্তারের বোন কামরুন নাহার বলেন, লাইফ কেয়ার হাসপাতালে রোগী নিয়ে আসার পর কর্তৃপক্ষ গত রবিবার রাত ১০টায় অস্ত্রোপচার (সিজার) শুরু করেন। প্রায় দুই ঘণ্টা হয়ে গেলেও জন্ম নেওয়া শিশুকে বের করে আনলেও রোগী সম্পর্কে তারা কোনো তথ্য দিচ্ছিলেন না। এক পর্যায়ে অভিভাবকদের না জানিয়ে মধ্যরাতে রোগীকে ঢাকায় নিয়ে যান। পরে সকালের দিকে রোগীকে মৃত অবস্থায় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে সামনে রেখে সবাই পালিয়ে যান। সিজারিয়ান অপারেশনে জন্ম নেওয়া শিশু সুস্থ রয়েছে।
স্বজনরা অভিযোগ করে বলেন, চিকিৎসক ছাড়া ওই হাসপাতালের নার্সদের দিয়ে অস্ত্রোপচার করার ফলে রোগীর মৃত্যু হয়েছে।
শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে হাসপাতালের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। মরদেহ পরিবার বুঝে নিলেই এটি সিলগালা করে দেওয়া হবে। এ সময় হাসপাতালে কোনো কর্তৃপক্ষ ছিল না। তিনি বলেন এ হাসপাতালে ডাক্তারও ছিল না দায়িত্বপালন কালে। ফলে রোগীর মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আরও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
