বগুড়ার শাহজাহানপুর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
বিএনপি নেতা ফজলুল হকের করা চাঁদাবাজির মামলায় গতকাল সোমবার দুপুরে বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আবু হেনা সিদ্দিকী এ আদেশ দেন।
গত ২৫ ফেব্রুয়ারি ফজলুল হক আদালতে এই চাঁদাবাজি মামলাটি করেন। জানা গেছে, ক্রসফায়ারের ভয় দেখিয়ে ২০১৬ সালে বিএনপি নেতা ফজলুল হকের কাছ থেকে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগে করা মামলায় সোমবার আদালতে হাজিরা দিতে আসেন সাবেক ওসি আলমগীর হোসেন। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার বাদী জেলা বিএনপির সাবেক সহপ্রশিক্ষণ সম্পাদক ও শাহজাহানপুর থানা বিএনপির
সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফজলুল হক এজাহারে উল্লেখ করেন, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি শাহজাহানপুর থানার তৎকালীন ওসি আলমগীর হোসেন তার গাড়ি ধাওয়া দিয়ে আটক করেন।
এরপর থানায় নিয়ে তাকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে ৫ লাখ টাকা দাবি করেন। বাধ্য হয়ে তার স্ত্রী ও এক সহকর্মীর মাধ্যমে ওই টাকা দেওয়া হলেও তাকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
