দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের আনন্দের উদযাপন চলছে ভারতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়া অনেক দেশের খেলোয়াড়রা বাড়ি ফিরতে পারছেন না। তবে বাংলাদেশ আর পাকিস্তানের এই সমস্যা নেই। বাংলাদেশ তো বিশ্বকাপে অংশই নেয়নি, আর পাকিস্তানের বোর্ড কর্তারা বোধহয় ভালো করেই জানতেন সালমান আগার দলটার ফাইনালে ওঠার সামর্থ্য নেই। ১৪ বছর পর ঢাকা করাচি ফ্লাইট চালু হয়েছে, তাই পাকিস্তান থেকে বাংলাদেশে আসতে দুবাই ঘুরেও আসতে হয় না। যুদ্ধের উত্তাপ এড়িয়ে ঢাকায় চলেও এসেছেন শাহিন শাহ আফ্রিদিরা। প্রায় মাসচারেকের শীতঘুম ভেঙে আজ ফের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষে ৩ ওয়ানডের সিরিজের প্রথমটি আজ। মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২-১৫ মিনিটে।
বিসিবির পরিচালক আসিফ আকবর প্রকাশ্যেই বলেছেন, দুই একটা বিশ্বকাপ না খেললে কিছু আসে যায় না। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ তো সরকারি সিদ্ধান্তে বাংলাদেশ খেলল না, আগামী বছর আফ্রিকার মাটিতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপটাও বাংলাদেশকে দর্শকের চোখে দেখতে হতে পারে নিজেদের অযোগ্যতায়। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির মতো বৈশ্বিক আসরে ব্যর্থতার পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজেও খারাপ ফল বাংলাদেশকে নামিয়েছে ওয়ানডে র্যাংকিংয়ের ১০ নম্বরে। গত ৩ বছরে অর্থাৎ ২০২৩ এর মার্চ থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ৪৯টা ওয়ানডে খেলে মাত্র ১৬টা ম্যাচ জিতেছে বাংলাদেশ। এই ১৬ ম্যাচের ৪টা আয়ারল্যান্ড, ৩টা আফগানিস্তান, ৪টা শ্রীলঙ্কার বিপক্ষে; র্যাংকিংয়ে যাদের অবস্থানও খুব একটা উঁচুতে নয়। এই যখন অবস্থা, তখন সরাসরি বিশ্বকাপে খেলতে ২০২৭ সালের ৩১ মার্চ তারিখে আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে অন্তত ৯ নম্বরে উঠে আসতে হবে বাংলাদেশকে। কারণ স্বাগতিক হিসেবেই দক্ষিণ আফ্রিকা সরাসরি খেলবে তাই এই মুহূর্তে ওয়ানডে র্যাংকিংয়ে ৫ম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে র্যাংকিংয়ের বাকি শীর্ষ ৮ খেলবে সরাসরি, সঙ্গে থাকবে সহ-স্বাগতিক জিম্বাবুয়ে। পাকিস্তানের সঙ্গে ঘরের মাঠে ওয়ানডে সিরিজটা ৩-০ ব্যবধানে জিতলে আপাতত ১ ধাপ ওপরে উঠে আসবে বাংলাদেশ। সেই জায়গাটায় টিকে থাকতে হলে অবশ্য আসছে দিনগুলোতেও জারি রাখতে হবে লড়াইটা।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বললেন, বড় লক্ষ্য সরাসরি বিশ্বকাপে খেলা, ‘গত বিশ্বকাপের পর আমরা খুব বেশি ওডিআই ম্যাচ খেলিনি এবং যা খেলেছি তা অনেক গ্যাপে গ্যাপে ছিল, যা আমাদের জন্য কঠিন ছিল। তবে এ বছর আমাদের অনেকগুলো ওডিআই ম্যাচ আছে, তাই আমরা খুব ভালোভাবে পরিকল্পনা করতে পারব। আমাদের জন্য র্যাংকিং গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি সিরিজ এবং প্রতিটি ম্যাচ ধরে আমরা এগোতে চাই। সামনে ২২টি ওডিআই আমাদের জন্য একটি বিরাট সুযোগ। ব্যাটিং অর্ডারের ক্ষেত্রে আমরা টিমের সেরা কম্বিনেশন তৈরির চেষ্টা করছি। আমাদের লক্ষ্য হলো র্যাংকিং উন্নত করা, তাই অতীতে যারা যে পজিশনে সফল হয়েছে, আমরা তাদের সেই পজিশনেই খেলানোর চেষ্টা করব যাতে তারা সেরা পারফরম্যান্স দিতে পারে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অক্টোবরে শেষ ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। দীর্ঘদিনের অনভ্যস্ততা কাটাতে পাকিস্তান সিরিজের আগে বিসিএল ওয়ানডে সিরিজ আয়োজন করেছে বিসিবি, জাতীয় দলের ক্রিকেটারদের বিপক্ষে বিসিএলের সেরা ক্রিকেটারদের নিয়ে আরেকটি প্রস্তুতি ম্যাচও হয়েছে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। ক্যারিবীয়দের বিপক্ষে স্পিন সহায়ক উইকেটে খেললেও এবার উইকেটের চরিত্রে বদল আশা করছেন মিরাজ, ‘আমরা যেহেতু হোম অ্যাডভান্টেজ নিতে চেয়েছিলাম এবং ওয়েস্ট ইন্ডিজের দলে দুজন স্পিনার ছিল, তাই সেই অনুযায়ী উইকেট প্রস্তুত করা হয়েছিল। কিন্তু এখন আমরা অবশ্যই ট্রু উইকেটে খেলতে চাই, যাতে ব্যাটসম্যানরা আত্মবিশ্বাস পায়, বেশি রান করতে পারে আমরা সামনে এভাবেই এগোতে চাই।’ মিরপুরের উইকেটকে দোষারোপ করেই নিজেদের অক্ষমতা ঢাকেন ব্যাটসম্যানরা। ভালো উইকেটে তাদের পারফরম্যান্সটাও দেখতে চান মিরাজ, ‘বিশ্বকাপে সাধারণত খুব ভালো উইকেটেই খেলা হয়। তাই আমরা এখন থেকেই সেই ধরনের উইকেটে অভ্যস্ত হতে চাই। ২০২৭ বিশ্বকাপের আগে আমাদের এখনো অনেক ওয়ানডে ম্যাচ বাকি আছে। যত বেশি সম্ভব ট্রু উইকেটে খেলতে পারলে সেটা আমাদের জন্য ভালো অভিজ্ঞতা হবে।’
অন্যদিকে পাকিস্তান এই সিরিজটাকে দেখছে নতুন খেলোয়াড়দের অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবে। ওয়ানডে র্যাংকিংয়ের চারে আছে পাকিস্তান, তাদের তো আর বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা নেই, তাই টপ অর্ডারে তিন অভিষিক্তকেই আজ নামিয়ে দেবেন শাহিন আফ্রিদি, ‘সাহিবজাদা টি-টোয়েন্টি ও লিস্ট ‘এ’ ক্রিকেটে আমাদের সেরা পারফরমারদের একজন। মাজ সাদাকাত ওপেন করবে এবং শামিল হোসেন খেলবে তিন নম্বরে। আমরা কেবল একটি সিরিজের জন্য নয়, ভবিষ্যতের কথা মাথায় রেখেই তাদের সুযোগ দিচ্ছি।’ বিপিএলের সুবাদে বাংলাদেশে নিয়মিতই আসা হয় পাকিস্তানের ক্রিকেটারদের। তাই প্রতিপক্ষের শক্তিমত্তা, কন্ডিশন কোনো কিছুই অজানা নয়। মাঠে নামার আগে শাহিন শাহ আফ্রিদি জানালেন, মোটেও হালকা ভাবে নিচ্ছেন না বাংলাদেশকে, ‘যে কোনো দলই নিজেদের কন্ডিশনে সেরা। বাংলাদেশ ভালো দল এবং তারা ঘরের মাঠে খুব ভালো ক্রিকেট খেলেছে, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকেও হারিয়েছে। তবে দল হিসেবে আমরাও প্রস্তুত। আমরা সম্প্রতি দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলেছি এবং ভালো ক্রিকেট খেলেছি। আমরা শুধু সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’
