ব্যাংক থেকে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুখমিলা জামানসহ ৩৬ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান শুনানি শেষে এই আদেশ দেয়।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন বলেন, আদালত মামলার পলাতক আসামি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান, তার স্ত্রীসহ ৩৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে। আগামী ৪ এপ্রিল ধার্য দিনে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
গত ৪ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দিয়ে দুদক বলেছে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ভুয়া ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ২৫ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়েছে। অভিযোগপত্র অনুযায়ী, সাইফুজ্জামান চৌধুরী তার মালিকানাধীন আরামিট গ্রুপের প্রোটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে মালিক হিসেবে দেখিয়ে ‘ভিশন ট্রেডিং’ নামের একটি ভুয়া প্রতিষ্ঠান গড়ে তোলেন। পরে জাল নথিপত্র তৈরি করে ইউসিবি ব্যাংকের পোর্ট শাখা থেকে ২৫ কোটি টাকা ঋণ নেওয়া হয়।
দুদক জানায়, ঋণের ২৫ কোটি টাকার মধ্যে প্রায় ১৪ কোটি ৯১ লাখ টাকা সাইফুজ্জামান চৌধুরীর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান আরামিট সিমেন্ট ও আরামিট থাই অ্যালুমিনিয়ামের আগের দায় পরিশোধে ব্যবহার করা হয়। অবশিষ্ট ৯ কোটি ৪১ লাখ টাকা ইউসিবি ব্যাংকের জুবিলি রোড শাখা থেকে উত্তোলন করা হয়। দুদকের দাবি, এই অর্থ হুন্ডি ও হাওলা প্রক্রিয়ায় প্রথমে সংযুক্ত আরব আমিরাতে (দুবাই) পাচার করা হয়। পরে সেখান থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে পাঠিয়ে সম্পদ কেনা হয়েছে।
