‎হামজা ফিরছেন, সরাসরি ভিয়েতনামে যোগ দেবেন জাতীয় দলে

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ০২:০৩ এএম

লাল-সবুজের জার্সিতে মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত লেস্টার সিটি তারকা হামজা চৌধুরী। ইনজুরি কাটিয়ে সম্পূর্ণ ফিট হয়ে ওঠা এই মিডফিল্ডার সরাসরি ভিয়েতনামে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিবেন।

‎গত ৩১ জানুয়ারি ইংলিশ চ্যাম্পিয়নশিপে চার্লটন অ্যাথলেটিকসের বিপক্ষে ম্যাচে হাঁটুতে চেট পেয়েছিলেন হামজা। মাঠ ছাড়ার সময় তাকে ক্রাচে ভর দিয়ে হাঁটতে দেখে শঙ্কা জেগেছিল এশিয়ান কাপ বাছাইপর্বে তাকে পাওয়া নিয়ে। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে ফেব্রুয়ারিতে লেস্টার সিটির হয়ে টানা ছয় ম্যাচ মিস করার পর মাঠে ফিরেছেন তিনি। গত ৭ মার্চ ইপসউইচ টাউন এবং ১১ মার্চ ব্রিস্টল সিটির বিপক্ষে বদলি হিসেবে নেমে নিজের ফিটনেসের প্রমাণ দিয়েছেন ২৮ বছর বয়সী এই তারকা।

‎বৃহস্পতিবার বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় দল কমিটির সভা শেষে এই খবর নিশ্চিত করেন বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি জানান, 'হামজা এখন পুরোপুরি ফিট। আগামী ২২ মার্চ ভিয়েতনামে তিনি সরাসরি জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন।'

‎আগামী ১৬ মার্চ থেকে ঢাকায় শুরু হবে জাতীয় দলের আবাসিক ক্যাম্প। কোচ হাভিয়ের কাবরেরা শীঘ্রই ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করবেন। ২১ মার্চ ভিয়েতনামের উদ্দেশ্যে উড়াল দেবে ২৩ সদস্যের চূড়ান্ত দল। ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচটি খেলবে লাল-সবুজরা।

‎ক্যাম্পে যোগ দিতে আরও চার প্রবাসী ফুটবলার
‎ঢাকায় এই স্কোয়াডে যোগ দিতে আসছেন। জায়ান আহমেদ আসবেন ১৪ মার্চ, শমিত সোম ১৫ মার্চ, ফাহামেদুল ইসলাম ১৬ মার্চ আর তারিক রায়হান কাজী ১৬ মার্চ আসবেন।

‎সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য কেবল আনুষ্ঠানিকতা হলেও কোচ হাভিয়ের কাবরেরার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ম্যাচ দিয়েই বাফুফের সঙ্গে তার চার বছরের দীর্ঘ চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত