ময়মনসিংহে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিল

আপডেট : ১৩ মার্চ ২০২৬, ১০:৫৬ পিএম

পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে ময়মনসিংহ বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩মার্চ) বিকেল ৪টায় ময়মনসিংহ সার্কিট হাউজের দক্ষিণাংশে (জিমনেসিয়ামের পেছনে) এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আতিকুল ইসলাম সরকার।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এমপি। অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, অতি দ্রুত এই ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে। তিনি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং গণহত্যা চলাকালে তিনি নির্বিকার ভূমিকা রেখেছিলেন। তিনি আরও বলেন, সংসদকে সম্মান জানিয়ে নির্বাচন নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ ও সমালোচনা থাকা সত্ত্বেও তারা সংসদে যোগ দিয়েছেন। কারণ এত কারচুপির পরও জনগণ এনসিপি ও ১১ দলীয় জোটের অনেক প্রার্থীকে নির্বাচিত করেছেন সংসদের কার্যক্রম বাস্তবায়ন, উচ্চকক্ষ গঠন এবং সংবিধান সংস্কারের জন্য।

নাহিদ ইসলাম বলেন, আমরা সেই উদ্দেশ্যেই এবং সেই কমিটমেন্ট নিয়েই সংসদে গিয়েছিলাম। আমরা বলেছি-এই সংসদে আমরা কোনো ফ্যাসিবাদের দোসরকে চাই না। আমরা ফ্যাসিবাদমুক্ত জাতীয় সংসদ দেখতে চাই। বৃহত্তর ময়মনসিংহবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে। তিনি বলেন, আমরা আইনের শাসনে বিশ্বাসী। তাই তাদেরকে আইনের আওতায় আনতে প্রশাসনকে সহযোগিতা করুন। প্রয়োজনে তাদেরকে পুলিশের হাতে তুলে দিন। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে জনগণই রাস্তাঘাটে সর্বত্র আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আব্বাস হোসেন এমপি, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মো. মাজহার কবির, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান,যুগ্ম সদস্য সচিব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশেকীন আলম রঞ্জন, জাতীয় যুব শক্তির সদস্য সচিব ডা. জাহিদুল ইসলাম, জাতীয় ছাত্র শক্তির সভাপতি জাহিদ আহসান এবং জাতীয় শ্রমিক শক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানহা শান্ত।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপি জেলা সমন্বয় কমিটির সদস্য এটিএম মাহবুবুল আলম। এছাড়া আঞ্চলিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাহবুবুল আলম, শায়খ আল মামুন (জামালপুর) ও ইঞ্জিনিয়ার লিখন মিয়া (শেরপুর)। অনুষ্ঠানের শেষপর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন ইঞ্জিনিয়ার আবুল বাশার। ইফতার মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজে ন্যায়, মানবিকতা ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত