পার্বতীপুর শহরের পুরাতন পৌরসভা সংলগ্ন তিন ব্যবসা প্রতিষ্ঠানের টিন কেটে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে বাবু এন্টারপ্রাইজ ও স্বপ্ন সুপার সপে এই চুরির ঘটনা ঘটে। চোরের দল শহরের পুরাতন পৌরসভার সামনে বাবু এন্টারপ্রাইজের (সিনজেন্টা ঔষুধ কোম্পানি) ১৩ কার্টুন এমিস্টার টপ, ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরা ডিভিআর, ক্যাবল তার ও স্বপ্ন সুপার শপের অফিস চুরি রুমের ড্রয়ার ভেঙে টাকা এবং ডিভিআর চুরি করে নিয়ে যায়।
পুরাতন পৌরসভা গেট সংলগ্ন মিনিস্টার শো রুমের ব্যবস্থাপক আসাদুজামান রেহান জানান, শো রুমের বাইরে এসির তার চুরি চেষ্টা করে। এ ঘটনায় আজ শনিবার (১৪ মার্চ) সকালে পার্বতীপুর মডেল থানায় স্বপ্ন সুপার সপের ব্যবস্থাপক দয়াল চন্দ্র রায় একটি লিখিত অভিযোগ করেন। পার্বতীপুর মডেল থানার একদল পুলিশ শনিবার সকালে ঘটনাস্থল পরির্দশন করেছে।
বাবু এন্টারপ্রাইজের মালিক জাহাঙ্গীর আলম বাবু বলেন, দোকানের টিন কেটে ১ লাখ ৬৯ হাজার ৫০০ টাকার সিনজেন্টা ওষুধ কোম্পানির ১৩ কার্টুন এমিস্টার টপ ও ১৫ হাজার টাকা মূল্যের সিসিটিভি ক্যামেরার ডিভিআর, ক্যাবল তার চুরি হয়েছে। দোকানে পাহারাদার ব্যবস্থা রয়েছে। তারপরও শহরে টহলরত পুলিশ থাকে। তারপরও পাশাপাশি তিনটি দোকানে চুরির ঘটনা দুঃখজনক।
পার্বতীপুরে অবস্থিত স্বপ্ন সুপার শপের ব্যবস্থাপক দয়াল চন্দ্র রায় জানান, অফিস চুরি রুমের ড্রয়ার ভেঙে টাকা ও সিসি ক্যামেরার ডিভিআর মেশিন চুরি করে নিয়ে যায়। এখানে ২ হাজার আইটেম প্রডাক্ট রয়েছে। আরও কি কি চুরি হয়েছে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. ওয়াদুদ বলেন, থানায় চুরি বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সকালে ঘটনাস্থল পরির্দশন করা হয়। শহরে পুলিশ টহল আরও জোরদার করা হবে।
