জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন

আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১২:২৮ এএম

‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ এই প্রতিপাদ্যে জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১৪ মার্চ) জামালপুর সদর উপজেলা চত্বর পরিস্কার-পরিছন্নতার মধ্য দিয়ে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ পরিস্কার অভিযানের উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো.ওয়ারেছ আলী মামুন। পরিস্কার অভিযান পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মৌসুমী খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার, সমাজসেবক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সাযযাদ আনসারী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ।

অভিযানের অংশ হিসেবে সদর উপজেলার শরিফপুর উচ্চবিদ্যালয়, সদর উপজেলা পরিষদ চত্বর ও জামালপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশানিধন স্প্রে করা হয়। এ সময় সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রতিটি অফিস প্রধানদের দায়িত্ব নিতে হবে। প্রত্যেকটি অফিস কক্ষ থেকে শুরু করে আঙ্গিনা পরিস্কার রাখতে হবে। প্রতিটি ব্যক্তিকে সচেতন থাকতে হবে। বাড়ি ঘর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নিজেকে এবং পরিবেশকে সুস্থ রাখতে হলে পরিস্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নাই। সবাইকে মনে রাখতে হবে 'পরিস্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ'।

জেলা প্রশাসক মো. ইউসুপ আলী কর্মসূচির পরিকল্পনা তুলে ধরে বলেন, আমরা প্রতি সপ্তাহের শনিবার ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম এবং পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত