সড়কের পাশের গাছগুলোর বাকল কয়েক ইঞ্চি গভীর করে কেটে রাখা হয়েছে। ফলে শুকিয়ে গাছ ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এ দৃশ্য দেখা যাচ্ছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন সড়কে। ইতিমধ্যেই অর্ধশতাধিক বড় বড় গাছের সব পাতা ঝরে গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার পৌরসভার লক্ষণহাটী, জামনগর ইউনিয়নের বাজিতপুর থেকে রহিমানপুর ও কালিকাপুর অভিমুখের সড়কের পাশে, রহিমানপুর গোরস্থানসংলগ্ন এলাকা ও সদর ইউনিয়নের কসবা এলাকায় গাছ নিধনের এ ধরনের চিত্র চোখে পড়েছে। বড় বড় কড়ই জাতের গাছের গোড়া থেকে প্রায় ৩-৪ ফুট পর্যন্ত ধারালো অস্ত্র দিয়ে ছাল তুলে ফেলা হয়েছে। আবার কিছু গাছে রিং আকৃতিতে ছোট ছোট গর্ত করা হয়েছে। ফলে গাছগুলো ধীরে ধীরে শুকিয়ে মারা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, যাদের বাড়ির সামনে বা ফসলি জমির পাশে রাস্তার ধারে বড় গাছ রয়েছে, তাদের মধ্যেই কেউ কেউ গাছগুলো সরিয়ে ফেলার উদ্দেশ্যে এই জঘন্য পদ্ধতি অবলম্বন করছেন। কারণ গাছগুলো সরকারি জমির ওপর থাকায় প্রকাশ্যে কাটার সুযোগ নেই। তাই লোকচক্ষুর আড়ালে বা রাতের অন্ধকারে গাছগুলোর ছাল কেটে ধীরে ধীরে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। তাদের মতে, একটি পূর্ণবয়স্ক কড়ই গাছের মূল্য প্রায় ৩০ থেকে ৪০ হাজার টাকা হতে পারে। কিন্তু শুধু অর্থমূল্য নয়, একটি গাছ বহু বছর ধরে পরিবেশকে সুরক্ষা দেয়, ছায়া দেয়, পাখি ও প্রাণীদের আশ্রয় দেয়। এভাবে পরিকল্পিতভাবে গাছ ধ্বংস করা হলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন তারা।
রহিমানপুর এলাকার মাঠে কাজ করা কয়েকজন কৃষক জানান, গাছগুলো মেরে ফেলার উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে। বড় বড় গাছগুলোকে চিহ্নিত করে রাতের অন্ধকারে ছাল কেটে দেওয়া হয়েছে। সবাই বিষয়টা জানলেও কেউ প্রকাশ করতে চায় না। সঠিকভাবে তদন্ত করলে দোষীদের খুঁজে বের করা সম্ভব।
জামনগর ইউনিয়ন পরিষদের সদস্য মজিদ আলী জানান, কিছুদিন হচ্ছে বিষয়টি তিনিও লক্ষ করেছেন। তবে যে বা যারাই এ কাজ করেছে, তারা অত্যন্ত অন্যায় করেছে। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলেও তিনি মনে করেন।
স্থানীয় সচেতন মহল মনে করেন, গাছ মানুষের জীবন ও পরিবেশ রক্ষার অন্যতম স্তম্ভ। তাই পরিকল্পিতভাবে গাছ ধ্বংসের এই প্রবণতা বন্ধে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এতে একদিকে যেমন পরিবেশ রক্ষা পাবে, অন্যদিকে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করার সাহসও কেউ পাবে না।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) কেন্দ্রীয় কমিটির সদস্য ও সবুজ বাংলার সাধারণ সম্পাদক ফজলে রাব্বী বলেন, রাস্তার পাশের বড় বড় গাছগুলো শুধু পরিবেশের সৌন্দর্যই বাড়ায় না, এগুলো জীববৈচিত্র্য রক্ষা ও জলবায়ুর ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিকল্পিতভাবে গাছের ছাল কেটে বা গর্ত করে ধীরে ধীরে মেরে ফেলা অত্যন্ত উদ্বেগজনক ও পরিবেশের জন্য ক্ষতিকর একটি কাজ। এ ধরনের কর্মকা- বন্ধে প্রশাসন ও বন বিভাগের দ্রুত তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় মানুষকে সচেতন হয়ে এসব গাছ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
উপজেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম আব্দুল্লাহ জানান, সরকারি জমি বা রাস্তার পাশের গাছ ইচ্ছাকৃতভাবে নষ্ট করা আইনত দ-নীয় অপরাধ। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বলেন, গাছ পরিবেশের গুরুত্বপূর্ণ সম্পদ। যদি কেউ ইচ্ছাকৃতভাবে গাছ নষ্ট করে থাকে, তাহলে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।