৫ আঙুল দেখিয়ে প্রমাণ করলেন, নেতানিয়াহু বেঁচে আছেন

আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১২:৫১ এএম

সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের হামলায় নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর একটি ভিডিও বার্তার মাধ্যমে সেই গুজব উড়িয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই ভিডিওতে তাঁকে একটি ক্যাফেতে কফি অর্ডার করতে এবং নিজের মৃত্যু নিয়ে রসিকতা করতে দেখা যায়। 

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হয়েছিল, গত বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল দেখা গেছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। ভিডিওতে এই দাবির জবাব দিতে গিয়ে নেতানিয়াহু ক্যামেরার সামনে নিজের দুই হাত তুলে ধরেন। তিনি বলেন, ‘আপনারা কি আমার আঙুল গুনতে চান? এই যে এখানে দেখুন। দেখেছেন?’

নিজের মৃত্যু নিয়ে ছড়ানো ষড়যন্ত্রতত্ত্বের জবাবে একটি হিব্রু বাগধারা ব্যবহার করে তিনি রসিকতা করে বলেন, আমি মরে গেছি...কফির জন্য (অর্থাৎ কফির জন্য পাগল)। আপনারা জানেন কি? আমি আমার জনগণের জন্য ‘মরছি’।

ইসরায়েলি নাগরিকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, ‘আপনারা বাইরে বেরোন, নির্মল বাতাস নিন, তবে অবশ্যই সুরক্ষিত আশ্রয়ের কাছাকাছি থাকবেন। আপনাদের এই মনোবল আমাকে, সরকারকে, আইডিএফ এবং মোসাদকে শক্তি জোগাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমরা এমন কিছু কাজ করছি যা এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে আমরা আজও ইরানকে অত্যন্ত কঠোরভাবে আঘাত করছি। আপনারা কি আমাকে লড়াই চালিয়ে যেতে বলছেন? আমি আপনাদের বলছি—আপনারাও লড়াই চালিয়ে যান।’

এদিকে, নেতানিয়াহুর এই ভিডিও প্রকাশের আগে আজ রোববার ইরানের রেভল্যুশনারি গার্ডস এক বিবৃতিতে তাঁকে ‘খুঁজে বের করে হত্যার’ অঙ্গীকার ব্যক্ত করে। বিবৃতিতে বলা হয়, ‘যদি এই শিশু হত্যাকারী অপরাধী বেঁচে থাকে, তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাঁকে ধাওয়া করব এবং হত্যা করব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত