দেশের উচ্চশিক্ষা খাতে বড় ধরনের রদবলের ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানসহ ৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পরিবর্তন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বিষয়টি ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হচ্ছে। অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে চূড়ান্ত হয়েছেন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রো-ভিসি অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভিসি করা হয়েছে। এ ছাড়া কুয়েটের নতুন ভিসি হিসেবে চূড়ান্ত হয়েছেন অধ্যাপক ড. মো. মাসউদ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক ড. ফোরকানকে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।
শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন ক্যাটাগরিতে যারা সর্বোচ্চ পারফরম্যান্স করেছে তাদের ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য হিসেবে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেখা হয়েছে, রাজনৈতিক যোগ্যতা না। কারও রাজনীতি করা না করা ব্যক্তিগত বিষয়।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর ও গতিশীল করতে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি।
