বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ১ ডিসেম্বর শিবালয়ের কাসাদহ খাল খননের কাজ করেছিলেন। বর্তমান সরকার দেশের মানুষের ও কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য খাল খননের বিকল্প নেই। খাল খনন করলে কৃষকের জমিতে পানি সেচ দিতে পারবে। জমিতে বৃষ্টিতে জমে থাকা পানি নিষ্কাশন করতে পারবে। কৃষকদের কৃষি কাজে আরও মনোযোগী হতে হবে। নিজেদের আরও স্বয়ংসম্পন্ন হতে হবে।
আজ সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা কলিয়া ইউনিয়নের তালুক হাপানিয়া খাল খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আলোকে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের কাজ করা হবে। সরকারের কর্মকর্তাদের সহযোগিতায় এই খাল খনন কাজ করা হবে। খাল খনন করার পর আবার যাতে দখল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
তিনি বলেন, মানিকগঞ্জ ঢাকার কাছের জেলা। তারপরও বিগত ১৭ বছর উন্নয়ন থেকে বঞ্চিত। উন্নয়ন বঞ্চিত পিছিয়ে পড়া এই জেলাকে উন্নয়নের কাজ করতে বিএনপি সরকার বদ্ধপরিকর। স্থানীয় সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাসহ সকলের সহযোগিতা পেলে উন্নয়ন করতে পারব।
মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির বলেন, আমরা সৌভাগ্যবান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিবালয়ের কাসাদহ খাল খনন কাজের উদ্বোধন করেছিলেন। আমার চোখে পানি এসে যায় আমার সৌভাগ্য হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে সেই খাল খনন কাজের সময় কোদাল দিয়ে মাটি কাটার। তারই উত্তরসূরী বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীতে সেই কাসাদহ খালের পুনঃখননের কাজ উদ্বোধন করবেন।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপসচিব ড. সালাউদ্দিন আতিক, মানিকগঞ্জের পুলিশ সুপার সরওয়ার আলম, উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় (সার্কেল) সাবরিনা সুলতানা, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, জেলা বিএনপির সাবেক কৃষিবিষয়ক সম্পাদক উপজেলা বিএনপির সহসভাপতি মো. লোকমান হোসেন, জেলা কৃষকদলের সিনিয়র সহসভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মতিন মাস্টার, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন, উপজেলা কৃষকদলের সভাপতি আবু সাঈদ মুসা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম কুন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম সালাউদ্দিন সেলিম, সদস্য সচিব আব্দুস সালাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম প্রমুখ।
