ওড়াকান্দিতে লক্ষ কণ্ঠে শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১২:৫৭ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দিতে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে লক্ষ কণ্ঠে শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ। পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম আবির্ভাব উৎসব ও মতুয়া ধর্ম মহামেলা উপলক্ষে গত সোমবার (১৬ মার্চ) রাতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মোৎসবে দেশ ও বিদেশে থেকে প্রতিবছর ৫ থেকে লাখ মতুয়া ভক্ত সমবেত হন। এ বছর শ্রীধাম ওড়াকান্দির ভক্ত বিশ্রামস্থলের উদ্যোগে লক্ষ কন্ঠে শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য ব্যাপকভাবে মাইকে প্রচার করে সবাইকে যার যার অবস্থানে দাড়িয়ে যাওয়ার জন্য। এরপর রাত ১০টা ১ মিনিটে সমবেত কণ্ঠে পবিত্র গ্রন্থ শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ শুরু হয়। শঙ্খধ্বনি ও হরিবোল ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ওড়াকান্দিসহ পুরো এলাকা। এ সময় ভক্ত বিশ্রামস্থল এবং এর বাইরে শ্রীধামে ওড়াকান্দিতে অবস্থানরত সকল ভক্ত যার যার জায়গায় দাড়িয়ে এই পবিত্র গ্রন্থ পাঠ করেন।  

সমবেত মতুয়ারা জানান, হরিচাঁদ ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হয়ে আত্মশুদ্ধি এবং বিশ্ব মানবতার মঙ্গল কামনায় তারা এই সম্মিলিত পাঠে অংশ নিয়েছেন। প্রতি বছর তারা ওড়াকান্দিতে পূণ্য স্নানে যোগ দেয়ার প্রতীক্ষায় থাকেন। এবার সেখানে লাখো কণ্ঠে শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ অনুষ্ঠানটি বিশেষ মাত্রা যোগ করেছে। 

ভক্ত বিশ্রামস্থলের উদ্যোক্তা গৌরাঙ্গ মণ্ডল বলেন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই গণ-পাঠ অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। লক্ষ কণ্ঠে এই পাঠের মাধ্যমে মতুয়া দর্শনের ভ্রাতৃত্ববোধ ও অহিংসার বাণী ছড়িয়ে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। এই অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য তারা অনেক আগে থেকেই ব্যাপক প্রচারণা চালিয়েছে। এছাড়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে শত শত পোষ্ট দেওয়া হয়েছে।

লক্ষ কণ্ঠে শ্রী শ্রী হরিলীলামৃত পাঠ অনুষ্ঠানের উদ্যোক্তা, রতন মণ্ডল বলেন, মানুষের কাছ থেকে অভূতপূর্ব সারা পাওয়ার কারণে আমরা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আমরা সবাই মনে করি মতুয়া সম্প্রদায়ের মধ্যে এটি একটি ইতিহাস সৃষ্টি করলো এবং আমরা সবাই ইতিহাসের অংশ হয়ে গেলাম। 

আগামীতে, ভক্ত বিশ্রামস্থলের উদ্যোগে এরকম আরো ইতিবাচক উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন হবে বলে প্রত্যাশা সাধারণ ভক্তদের। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত