তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা

জুলাই সনদের আলোকে সংসদে চূড়ান্ত করতে হবে

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৭:৩২ এএম

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাস্তবায়নে জুলাই সনদের আলোকে জাতীয় সংসদে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। গতকাল মঙ্গলবার রাজধানীর মতিঝিল চেম্বার বিল্ডিং ভবনে ‘তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত আপিল বিভাগের রায়, সংবিধান সংস্কার ও সংস্কার পরিষদ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। গত বছর ২০ নভেম্বর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করে সংক্ষিপ্ত রায় দেন তখনকার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগ। রায়ের ভাষ্য অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে। ১১ বছর আগে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে একাধিক রিভিউ (রায় পুনর্বিবেচনা) ও আপিল মঞ্জুর করে রায় দেয় সর্বোচ্চ আদালত। গত ১২ মার্চ আপিল বিভাগের এ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। আপিল বিভাগে রিভিউকারীদের একজন ছিলেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। আদালতে তার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ড. শরীফ ভূঁইয়া। তিনিও গতকাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বদিউল আলম মজুমদার বলেন, ‘নির্বাচনব্যবস্থা কার্যকর করতে হলে জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে জাতীয় সংসদে সংশোধন আনা দরকার।’ তিনি আশা প্রকাশ করে বলেন, তত্ত্বাবধায়ক সরকারপ্রধান নির্বাচন করার ক্ষেত্রে জুলাই সনদ অনুযায়ী বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো প্রজ্ঞা ও সাহসিকতার পরিচয় দেবে। তিনি বলেন, ‘জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। সেটাই সরকারের মেনে নেওয়া দরকার। গণভোটে যেটা পাস হয়েছে সেটাই শেষ কথা।’ সুজন সম্পাদক বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কীভাবে গঠন করা হবে, সেটা জুলাই সনদে পরিষ্কার উল্লেখ আছে এবং ব্যবহার কীভাবে হবে সে ব্যাপারে ‘নোট অব ডিসেন্ট’ আমলে নিয়ে তার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সংসদ থেকে।’

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত