নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। অভিযোগের সুষ্ঠু বিচার না হলে ২৪ ঘণ্টার মধ্যে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার বিকেলে রূপগঞ্জ উপজেলার পূর্বাচলের সমু মার্কেট এলাকায় ওই নারী এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী দাবি করেন, প্রায় ছয় মাস আগে একটি অনুষ্ঠানে নাসির উদ্দীনের সঙ্গে তার পরিচয় হয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে বিয়ের প্রলোভন, বিদেশে (সুইজারল্যান্ড) চাকরি ও আলাদা সংসারের আশ্বাস দেন নাসির। এক পর্যায়ে গত ৬ মার্চ দেখা করার কথা বলে তাকে একটি প্রাইভেটকারে তুলে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে পূর্বাচলের একটি নির্জন বালুর মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর অভিযুক্ত নাসির তাকে গাড়ি থেকে নামিয়ে রেখে চলে যান।
ভুক্তভোগী আরও বলেন, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা করতে গেলে তদন্ত কর্মকর্তা মামলা নিতে অস্বীকৃতি জানান। পরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করতে গেলে আদালত চত্বরে তাকে অপহরণের চেষ্টা করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। প্রভাবশালী হওয়ায় নাসির বারবার পার পেয়ে যাচ্ছে। আমার মতো আর কোনো নারী যেন এমন ঘটনার শিকার না হয়। দ্রুত বিচার না হলে আত্মহত্যার পথ বেছে নেওয়া ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না।
এদিকে অভিযুক্ত নাসির উদ্দীনের বক্তব্য জানতে মুঠোফোনসহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
