ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করেছে দেশের প্রধান নদীবন্দর সদরঘাটে। এতে যাত্রীদের নিরাপত্তা ও যাতায়াত নির্বিঘ্ন করতে ঘাট এলাকায় তল্লাশি জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একইসঙ্গে নদীপথেও কোস্ট গার্ডের টহল বাড়ানো হয়েছে। যাতে কোনোভাবেই ঈদযাত্রায় নিরাপত্তা ঝুঁকি তৈরি না হয়।
গতকাল মঙ্গলবার সকাল থেকে সরেজমিনে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এ সময় নজরে আসে যাত্রীদের ভিড় ধীরে ধীরে বাড়ছে। রাজধানীর যানজট এড়াতে অনেক দূরপাল্লার যাত্রী আগেভাগেই ঘাটে এসে উপস্থিত হয়েছেন ঘরমুখি মানুষ। কেউ লঞ্চের টিকিট সংগ্রহ করছেন, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে অপেক্ষায় রয়েছেন।
ঘাটের প্রবেশপথ এবং লঞ্চে ওঠার আগে যাত্রীদের ব্যাগ ও মালামাল তল্লাশি করতে দেখা যায় বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যদের। সন্দেহভাজন ব্যক্তি বা মালামাল পেলে তাৎক্ষণিকভাবে যাচাই-বাছাই করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ডের পাশাপাশি নৌ-পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।
একইসঙ্গে নদীপথেও নজরদারি জোরদার করা হয়েছে। সদরঘাটসংলগ্ন নদী এলাকায় কোস্ট গার্ডের টহল দলকে নৌযানে নিয়মিত টহল দিতে দেখা গেছে। তারা নদীপথে চলাচলকারী লঞ্চ ও অন্যান্য নৌযানের গতিবিধি পর্যবেক্ষণ করছে এবং সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে।
এদিকে মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুরসহ স্বল্প দূরত্বের যাত্রীরা নির্দিষ্ট লঞ্চে করে নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছেন। বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি ও পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীরা আগেভাগেই এসে টিকিট নিশ্চিত করছেন।
