যশোরের প্রবীণ রাজনীতিক মাস্টার নূর জালাল (৮৬) আর নেই। গত সোমবার রাত সোয়া ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, মাস্টার নূর জালাল দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। সর্বশেষ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি যশোরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর খবর পেয়ে মঙ্গলবার সকালে তার বাসভবনে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। মঙ্গলবার জোহরের নামাজের পর যশোর শহরের বিমান অফিস জামে মসজিদে জানাজা শেষে তাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়।
মাস্টার নূর জালাল ছিলেন ন্যাপ (মোজাফ্ফর) যশোর জেলা কমিটির দীর্ঘদিনের সভাপতি এবং এ অঞ্চলের বাম রাজনীতির একজন বলিষ্ঠ নেতা। তিনি যশোর পৌরসভার নির্বাচিত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণকারী নূর জালাল স্বাধীনতার পর কারাভোগ করেন। তিনি দীর্ঘদিন মুসলিম একাডেমি স্কুলে শিক্ষকতা ছিলেন।
