নিউজিল্যান্ডে কঠোর হচ্ছে অভিবাসন আইন

আপডেট : ১৮ মার্চ ২০২৬, ০৯:১৮ এএম

অপরাধ, অভিবাসী শোষণ এবং ব্যবস্থার অপব্যবহার রোধে অভিবাসন, আশ্রয় ও বহিষ্কার সংক্রান্ত আইন আরও কঠোর করতে যাচ্ছে নিউজিল্যান্ড সরকার। এ লক্ষ্যে নতুন একটি বিল উত্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

দেশটির অভিবাসনমন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড জানিয়েছেন, প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে কর্তৃপক্ষকে এমন 'সমন্বিত ও উপযুক্ত ক্ষমতা' দেওয়া হবে, যা অভিবাসন ঝুঁকি মোকাবিলার পাশাপাশি ব্যবস্থাকে ন্যায়সঙ্গত ও কার্যকর রাখবে।  

নতুন আইনের আওতায় গুরুতর অপরাধে দোষী সাব্যস্ত বাসিন্দাদের ক্ষেত্রে বহিষ্কারের দায়বদ্ধতার সময়সীমা ১০ বছর থেকে বাড়িয়ে ২০ বছর করা হবে। একই সঙ্গে অভিবাসী শোষণের সর্বোচ্চ শাস্তি সাত বছর থেকে বাড়িয়ে ১০ বছর করার প্রস্তাব রয়েছে। অভিবাসন প্রক্রিয়ায় মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য দেওয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও বাড়ানো হবে।

সরকারের সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিলটি সংসদে সহজেই পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। 

এছাড়া আশ্রয়প্রার্থী সংক্রান্ত প্রস্তাবিত সংস্কারের অংশ হিসেবে, শরণার্থী মর্যাদা দেওয়ার আগে আবেদনকারীর নিউজিল্যান্ডে সংঘটিত গুরুতর অপরাধ বিবেচনায় নেওয়ার সুযোগ রাখা হচ্ছে। পাশাপাশি যারা অসৎ উদ্দেশ্যে আবেদন করেন যেমন প্রচার পাওয়ার জন্য আবেদন করা বা যথাযথ কারণ ছাড়া বায়োমেট্রিক পরীক্ষায় অনুপস্থিত থাকা, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত