চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে আজ আতালান্তার মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ। বাংলাদেশ সময় দিবাগত রাত ২টাায় অনুষ্ঠিতব্য ম্যাচের আগে গোলরক্ষক সংকটে পড়েছেন কোচ ভিনসেন্ট কোম্পানি। মূল তিন গোলরক্ষকের চোটের কারণে আজ অভিষেক হতে পারে ১৬ বছর বয়সী লিওনার্ড প্রেসকটের।
বায়ার্ন মিউনিখ গোলরক্ষকদের বর্তমান অবস্থা সুবিধার নয়। ম্যানুয়েল নয়্যার পেশির চোটে মাঠের বাইরে আছেন। তিনি এখনো পুরোপুরি ফিট নন। গত সপ্তাহে আতালান্তার বিপক্ষে প্রথম লেগের ম্যাচে মাথায় আঘাত পাওয়া জোনাস উরবিগের ব্যাপারে আজ সিদ্ধান্ত নেবে মেডিকেল টিম। গত শনিবার লেভারকুসেনের বিপক্ষে ম্যাচে অ্যাডাক্টর সমস্যায় পড়েছেন স্ভেন উলরাইখ। এছাড়া থাই ইনজুরির কারণে লিওন ক্লানাকও দলের বাইরে।
দলের এই অবস্থায় আলোচনায় আসেন জার্মানির বয়সভিত্তিক দলের গোলরক্ষক প্রেসকট। তিনি বায়ার্নের অনূর্ধ্ব-১৯ দলে খেলেন। মজার ব্যাপার হলো, আগামী সেপ্টেম্বরের আগে তার ১৭ বছর পূর্ণ হবে না। যেহেতু তিনি এখনো কিশোর, তাই রাতের বেলা ম্যাচ খেলার জন্য জার্মান শ্রম কর্তৃপক্ষের বিশেষ অনুমতির প্রয়োজন হবে।
বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি প্রেসকটের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে বলেছেন, "প্রেসকট খুব শান্ত ছেলে। যদি তাকে আগামীকাল (আজ) খেলতে হয়, তবে আমাদের সবার পূর্ণ সমর্থন তার সাথে থাকবে। কোনো তরুণ খেলোয়াড়কে আমরা চাপে ফেলতে চাই না, তবে তার সামর্থ্যের ওপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে।"
প্রথম লেগে আতালান্তাকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে বেশ সুবিধাজনক অবস্থানে আছে বায়ার্ন। আজ জয় পেলে কোয়ার্টার ফাইনালে তারা রিয়াল মাদ্রিদ অথবা ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে।
পাকিস্তানের হামলার পর 'ঘনিষ্ঠ বন্ধু' ভারতের সহায়তা চাইলেন আফগান তারকা স্পিনার
চ্যাম্পিয়নস লিগ কি গার্দিওলার সিটি ক্যারিয়ারের আক্ষেপ হয়ে থাকবে?