মানিকগঞ্জের সিংগাইর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে ৫ ব্যবসায়ীকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার।
অভিযানে অতিরিক্ত মূল্য আদায়ের দায়ে ‘বেবিল্যান্ড’ গার্মেন্টসের মালিক মো. আনোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা, ‘টিউলিপ’ গার্মেন্টসের মালিক তামিম চৌধুরীকে ৩০ হাজার টাকা এবং ‘সিনহা ফ্যাশন’-এর মালিক ইদ্রিস আলীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগে গোলরা গ্রামের তারিকুল ইসলামকে ৫ হাজার টাকা এবং একই গ্রামের নজরুল ইসলামের মুদি দোকানেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার বলেন, ‘বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
ঈদযাত্রায় ট্রেনের ছাদেও উপচেপড়া ভিড়