ঈদে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৭:৪১ এএম

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় গতকাল বুধবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের আকাশে বৃষ্টিবলয় গোধূলি সক্রিয় থাকায় বিকেলের পর থেকে রাজধানী এবং তার আশপাশের এলাকায় ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (আজ) থেকে তিন দিন সারা দেশে বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামসহ আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।

বৃহস্পতিবারের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর ২০ ও ২১ মার্চে বৃষ্টিপাতের বিস্তৃতি কিছুটা বাড়তে পারে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে। ২২ মার্চ নাগাদ বৃষ্টিপাত কিছুটা কমলেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকবে। এ সময় তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সর্বশেষ সর্বাধিক পঠিত