ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম বিশ্বকে শুভেচ্ছা জানালেন জামায়াত আমির

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ১১:২৪ পিএম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশের মুসলিম ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। এক শুভেচ্ছা বার্তায় তিনি সবার জন্য ঈদের শুভকামনা জানান এবং বলেন, “খোশ আমদেদ সকলের তরে।”

বার্তায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, এবারের পুরো রমাদানজুড়ে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ অনেক দেশ যুদ্ধের দাবানলে জ্বলছে, যা বিশ্ব মুসলিমের অন্তরে গভীর বেদনা সৃষ্টি করছে।

তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন দেশে দেশে মুসলমানদের সকল প্রকার জুলুম-নির্যাতন থেকে রক্ষা করা হয়, মজলুমদের সহায়তা করা হয় এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা হয়। একই সঙ্গে তিনি সমগ্র মানবজাতির ওপর আল্লাহর রহমত কামনা করেন।

ডা. শফিকুর রহমান বলেন, যুদ্ধ কখনোই স্থায়ী সমাধান নয়; বরং তা কল্যাণের চেয়ে বেশি ধ্বংস ডেকে আনে। চলমান সংঘাতে যারা নিহত হয়েছেন, তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য তিনি আল্লাহর কাছে প্রার্থনা জানান।

এছাড়া আহত, পঙ্গু ও ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনা করেন তিনি। সবার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করে তিনি শুভেচ্ছা বার্তার সমাপ্তি টানেন “তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম” দোয়ার মাধ্যমে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত