টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল ইউনিয়নে ভিজিএফের কার্ড হাতে পেলেও চাল না পাওয়ার অভিযোগ করেছেন অসহায় পরিবারগুলো। এ ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রাশেদুল ইসলাম ফকিরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।
জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিকরাইল ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়।
তবে গত সোমবার নির্ধারিত সময়ে চাল নিতে এসে বেশ কয়েকজন কার্ডধারী হতাশ হয়ে ফিরে যান। তাদের অভিযোগ, কার্ড থাকা সত্ত্বেও ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয় চাল আগেই শেষ হয়ে গেছে।
স্থানীয় ভুক্তভোগী জলিল বলেন, ‘আমাদের হাতে সরকারি কার্ড রয়েছে। নির্ধারিত সময়েই চাল নিতে এসেছি। কিন্তু আমাদের বলা হয়েছে চাল শেষ। তাহলে আমাদের জন্য বরাদ্দ চাল কোথায় গেল?’
এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এদিকে নিকরাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদুল ইসলাম ফকিরের বিরুদ্ধে ১০ কেজির জায়গায় সাড়ে ৮ কেজি চাল বিতরণসহ নানা অনিয়মের অভিযোগ উঠলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। অভিযোগের বিষয়ে প্যানেল চেয়ারম্যান রাশেদুল ইসলাম ফকির বলেন, ‘এটা সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা অভিযোগ।’
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
