ব্রাজিল জাতীয় দলে নেইমার জুনিয়র নেই এটি মেনে নিতে পারছেন না ১৯৯৪ বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোমারিও। ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের দল থেকে নেইমারকে বাদ দেওয়ায় সেলেসাও কোচ কার্লো আনচেলত্তির ওপর বেজায় চটেছেন তিনি। আনচেলত্তিকে সরাসরি লক্ষ্য করে রোমারিওর কড়া বার্তা ‘মনোযোগ দিন স্যার!’
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘জর্নাল ও দিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোমারিও সাফ জানিয়ে দেন, জাতীয় দল হলো সেরা এবং সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড়দের জায়গা। তার মতে, নেইমারের মতো প্রতিভাকে কোনো কোচই বাতিলের খাতায় রাখতে পারেন না। রোমারিও বলেন, ‘নেইমার ১০০ ভাগ ফিট না থাকলেও তাকে দলে রাখা উচিত। অন্য যেকোনো খেলোয়াড়কে ডাকার চেয়ে একজন নেইমারকে দলে রাখা অনেক বেশি কার্যকর।’
নেইমার বর্তমানে সান্তোসের হয়ে খেললেও তার শারীরিক অবস্থা নিয়ে এখনো সংশয় কাটেনি। ২০২৩ সালের সেই ভয়াবহ হাঁটুর চোটের পর ২০২৫ সালে মাঠে ফিরলেও গত ডিসেম্বরে আবারও অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে। আনচেলত্তি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘নেইমার যদি ১০০ ভাগ ফিট না থাকে, তবে তাকে বিবেচনা করা হবে না। ৮০ ভাগ ফিট খেলোয়াড় দিয়ে বিশ্বকাপ জেতা সম্ভব নয়।’
বর্তমানে আনচেলত্তি অ্যালিসন, ক্যাসিমিরো এবং ভিনিসিয়ুস জুনিয়রদের মতো অভিজ্ঞদের পাশাপাশি অলিম্পিক লিওঁতে দারুণ ফর্মে থাকা তরুণ এনড্রিকের ওপর বেশি ভরসা রাখছেন। নিজের অভিজ্ঞতার কথা টেনে রোমারিও জানান, ২০০২ বিশ্বকাপে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। সেই যন্ত্রণা তিনি এখনো ভুলতে পারেননি। তিনি মনে করেন, প্রীতি ম্যাচগুলো অন্যদের পরীক্ষা করার জায়গা হতে পারে, কিন্তু নেইমারের মতো তারকাদের সামর্থ্য নতুন করে প্রমাণ করার কিছু নেই।
রোমারিও এখনো বিশ্বাস করেন, ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ (হেক্সা) জেতাতে নেইমারের বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, নেইমার ব্রাজিলিয়ান লিগে নিজের পারফরম্যান্স দিয়ে প্রমাণ করবেন যে তিনি চূড়ান্ত স্কোয়াডে থাকার যোগ্য। আনচেলত্তিকে উদ্দেশ্য করে তিনি সোজাসুজি বলেন, ‘একজন তারকা খেলোয়াড়কে খেলাতেই হবে।’
