'২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম গণহত্যার দিন'

আপডেট : ২৫ মার্চ ২০২৬, ০৪:৪৭ পিএম

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ২৫ মার্চ স্বাধীনতাকামী বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন। এ কালো রাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’র নামে নিরস্ত্র বাঙালির ওপর ইতিহাসের অন্যতম ভয়াবহ হত্যাযজ্ঞ চালায়।

তিনি বলেন, সেই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা ও রাজারবাগ পুলিশ লাইন্সসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়।

বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘গণহত্যা দিবস’ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে রাষ্ট্র ও সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন করতে হবে। তিনি একটি ন্যায়ভিত্তিক, উন্নত, সমৃদ্ধ ও স্বনির্ভর গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, উপজেলা সমবায় কর্মকর্তা মোরাদ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত