ভুল হাঁটুতে চিকিৎসার খবর ‘ভিত্তিহীন’ বললেন এমবাপ্পে

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৪:১০ পিএম

রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পের ইনজুরি নিয়ে ফুটবল বিশ্বে ছড়িয়ে পড়া এক চাঞ্চল্যকর খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। গত কয়েক দিন ধরে বিভিন্ন গণমাধ্যমে খবর রটেছিল যে, রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ ভুল করে এমবাপ্পের বাম হাঁটুর বদলে ডান হাঁটুতে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিল। বুধবার জাতীয় দলের হয়ে সংবাদ সম্মেলনে এই বিষয়ে মুখ খোলেন এমবাপ্পে।

ফরাসি সংবাদমাধ্যম ‘আরএমসি স্পোর্ট’ প্রথম দাবি করে যে, গত ডিসেম্বরে সেল্টা ভিগোর বিপক্ষে এমবাপ্পে বাম হাঁটুতে চোট পেলেও রিয়াল মাদ্রিদ ভুল করে তার ডান হাঁটু স্ক্যান করেছিল। এরপর স্পেনের বেশ কিছু সংবাদমাধ্যমও একই খবর প্রচার করে। এ প্রসঙ্গে এমবাপ্পে বলেন, ‘ক্লাব ভুল হাঁটু পরীক্ষা করেছে—এই তথ্যটি সত্য নয়। হয়তো এই পরিস্থিতির জন্য আমি পরোক্ষভাবে দায়ী, কারণ যখন আপনি নিজের অবস্থা নিয়ে পরিষ্কারভাবে কথা বলেন না, তখন অপব্যাখ্যার সুযোগ তৈরি হয় এবং সবাই শূন্যস্থান পূরণের চেষ্টা করে।’

এমবাপ্পে পরিষ্কার করেছেন যে, রিয়াল মাদ্রিদের সাথে তার যোগাযোগ সবসময় স্বচ্ছ ছিল। তিনি জানান, ‘রিয়াল মাদ্রিদের সাথে আমাদের যোগাযোগ সবসময় স্পষ্ট ছিল। আমি যখন মাদ্রিদে পুনর্বাসন শুরু করি বা প্যারিসে দ্বিতীয় মতামতের জন্য যাই, সব সময় ক্লাবের ডাক্তার, ফিজিওথেরাপিস্ট ও ট্রেইনার আমার সাথে ছিলেন। তাই এ নিয়ে কোনো সমস্যা নেই।’

ইনজুরির কারণে প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে থাকা এই তারকা নিজের মানসিক যন্ত্রণার কথা শেয়ার করে বলেন, ‘এক পর্যায়ে অনেক হতাশা, রাগ এবং কিছুটা উদ্বেগ কাজ করছিল। আমি এমন এক পর্যায়ে পৌঁছেছিলাম যখন জানতামই না আমার আসলে কী হয়েছে। তখন আমি বিশ্বের সুখী খেলোয়াড় ছিলাম না। তবে এখন আমি খুশি কারণ সেই সময়টা আমি পেছনে ফেলে এসেছি।’

চোট কাটিয়ে রিয়ালের হয়ে সবশেষ দুটি ম্যাচে বদলি হিসেবে খেলেছেন এমবাপ্পে। রিয়াল বর্তমানে লা লিগায় বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। বর্তমানে তিনি ফ্রান্স জাতীয় দলের সাথে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। বৃহস্পতিবার ফক্সবোরোতে ব্রাজিলের বিপক্ষে হাইভোল্টেজ প্রীতি ম্যাচে মাঠে নামার কথা রয়েছে তার। এরপর রবিবার কলম্বিয়ার বিপক্ষে লড়বে দিদিয়ের দেশমের দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত