লালমনিরহাটের হাতীবান্ধায় পুলিশের হেফাজত থেকে হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যাওয়া চুরির মামলার এক আসামিকে রাতভর অভিযান চালিয়ে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার সিঙ্গীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে হাতীবান্ধা থানার ওসি রমজান আলী জানান। তিনি বলেন, ‘আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মাল উদ্ধারে তাকে নিয়ে অভিযানে বের হয় পুলিশ। পথে পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে হাতকড়া পরা অবস্থাতেই সে দৌড়ে পালিয়ে যায়।’ গ্রেপ্তার মনিরুজ্জামান ওরফে মনিরুল ইসলাম (২৭) ওই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত বুধবার বিকেলে সিঙ্গীমারী ইউনিয়নের জনৈক ফারুক হোসেনের বাড়িতে চুরির ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে মনিরুজ্জামানকে শনাক্ত করা হয়। সন্ধ্যায় তাকে আটক করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির কথা স্বীকার করে।
আসামি পালিয়ে যাওয়ার পরপরই পুলিশ তাকে ধরতে সাঁড়াশি অভিযান শুরু করে। পুলিশের একাধিক দল উপজেলার বিভিন্ন স্থানে সারারাত তল্লাশি চালায়। অবশেষে গতকাল বৃহস্পতিবার সকালে পালানোর স্থান সিঙ্গীমারী থেকেই তাকে আবারও ধরতে সক্ষম হয় পুলিশ। পুলিশ জানায়, মনিরুজ্জামানের বিরুদ্ধে আগে চুরির মামলা থাকলেও এখন পুলিশ হেফাজত থেকে পালানোর দায়ে নতুন করে আরও একটি মামলা করার প্রক্রিয়া চলছে।
