তুরস্কে বিশ্বকাপ প্রস্তুতি ইরানের

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১২:৪১ এএম

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ভূ-রাজনৈতিক অস্থিরতা আর ভেন্যু নিয়ে চরম অনিশ্চয়তা সব মিলিয়ে এক কঠিন সময় পার করছে ইরান জাতীয় ফুটবল দল। ২০২৬ বিশ্বকাপে তারা আদৌ যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে নামতে পারবে কি না, তা নিয়ে যখন সংশয় তুঙ্গে, ঠিক তখনই ঘর থেকে দূরে তুরস্কের আনাতোলিয়ায় নিজেদের প্রস্তুতির লড়াই চালিয়ে যাচ্ছে ‘টিম মেল্লি’। ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ সম্প্রতি এক বিস্ফোরক তথ্যে জানিয়েছেন, খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকো বা কানাডায় নেওয়ার জন্য ফিফার সঙ্গে জোর আলোচনা চলছে। মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধাবস্থায় যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানি ফুটবলারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ফেডারেশন। যদিও ফিফা সূচি পরিবর্তনের ব্যাপারে এখন পর্যন্ত ইতিবাচক কোনো সাড়া দেয়নি, তবুও এই অনিশ্চয়তাকে সঙ্গী করেই প্রস্তুতি নিচ্ছে দলটি।

ম্যাচগুলো জর্ডানে হওয়ার কথা থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে তা সরিয়ে নেওয়া হয়েছে তুরস্কের আনাতোলিয়ায়। সেখানে ভূমধ্যসাগরীয় রিসোর্ট এলাকা বেলেকে কঠোর গোপনীয়তায় অনুশীলন করছে ইরান। রাজনৈতিক চাপ এবং গণমাধ্যমের বাড়তি নজর এড়াতে খেলোয়াড় ও কোচদের সাক্ষাৎকার দেওয়ার সুযোগ একদমই রাখা হয়নি। এমনকি অনুশীলনের মাঠেও সংবাদকর্মীদের প্রবেশাধিকার কঠোরভাবে সীমিত। মূলত বাইরের পৃথিবীর অস্থিরতা থেকে খেলোয়াড়দের মানসিক স্বস্তি দিতেই এই ‘আড়ালে থাকার’ কৌশল।

বিশ্বকাপে বেলজিয়াম, মিসর ও নিউজিল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে নিজেদের ঝালিয়ে নিতে চায় ইরান। শেষ তিন ম্যাচে জয়ের দেখা না পাওয়া দলটি শুক্রবার আনাতোলিয়ার করেন্ডন এয়ারলাইনস পার্কে নাইজেরিয়ার মুখোমুখি হবে। এরপর ৩১ মার্চ লড়বে কোস্টারিকার বিপক্ষে। ঘর থেকে দূরে এই প্রীতি ম্যাচগুলোই এখন ইরানের খেলোয়াড়দের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার একমাত্র রসদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত