হকির জাকি আহমেদ রিপন আর নেই

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ১২:৪২ এএম

হকির আকাশ থেকে ঝরে পড়ল আরেকটি তারা। ছিলেন সাবেক হকি খেলোয়াড়। খেলা ছাড়ার পর পুরোদস্তুর হকি সংগঠক। আবাহনীর হকি দলের অন্যতম পুরোধা হয়ে ছিলেন বহু বছর। বাংলাদেশ হকি ফেডারেশনের সহ-সভাপতির গুরুদায়িত্বও পালন করেছেন। সেই মানুষটি অকালেই চলে গেলেন না ফেরার দেশে। বলা হচ্ছে জাকি আহমেদ রিপনের কথা। মৃদুভাষী রিপনের মৃত্যুতে হকি অঙ্গনে নেমেছে শোকের ছায়া। বৃহস্পতিবার আনুমানিক ভোর ৩টায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে রিপন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

হকি অঙ্গনে অকাল মৃত্যুর ঘটনা ঘটছে নিয়মিতই। বিশেষ করে আবাহনীর ক্লাবের হকি হাল ধরার তেমন কেউই থাকল না। শুরুটা হয়েছিল তারকা হকি খেলোয়াড় জাহিদুর রহমান পুশকিনকে দিয়ে। অতি অল্প বয়সে বিদায় নেন তিনি। এরপর ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকাবস্থায় মারা যান খাজা রহমতউল্লাহ। বছর দেড়েক আগে হুট করেই চলে গেলেন হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। যুগ্ম সম্পাদক আনভীর বাবুও মারা যান অল্প বয়সে। এই মৃত্যু মিছিলে যোগ দিলেন রিপন। প্রায় চার দশক আবাহনী ক্লাব ও হকির সঙ্গে রিপনের সম্পৃক্ততা ছিল। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

সর্বশেষ সর্বাধিক পঠিত