বাগেরহাটে বাড়িতে ঢুকে কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যা

আপডেট : ২৭ মার্চ ২০২৬, ০১:১২ এএম

বাগেরহাটের চিতলমারীতে বাড়ির ভেতরে ঢুকে আমির হামজা (২৩) নামে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে। কারা কী কারণে গুলি করেছে তা পুলিশ নিশ্চিত করে বলতে পারেনি। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত আমির হামজা শিবপুর গ্রামের রুহুল আমিন মুন্সির ছেলে। তিনি খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করতেন।

নিহতের বাবা আমিন মুন্সি বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে আমরা দুই ভাই ছেলে আমির হামজা কথা বলছিলাম। হঠাৎ তিনটি মোটরসাইকেলে চড়ে আসা হেলমেট পরিহিত ছয় যুবক বাড়ির মধ্যে প্রবেশ করে এবং পুলিশ পরিচয় দিয়ে ধাওয়া দেয়। তখন আমির হামজা দৌড়ে পালাবার চেষ্টা করে এবং খালের পাড়ে পড়ে যায়। তখন তারা ছেলের মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়। কেন কী কারণে তারা ছেলেকে গুলি করে হত্যা করল তা কিছুই জানি না। হামজা খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। পড়ালেখার পাশাপাশি সে খুলনার বেসরকারি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চাকরি করত।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন সাংবাদিকদের বলেন, চিতলমারী উপজেলার শিবপুর গ্রামে বাড়িতে ঢুকে একদল অস্ত্রধারী আমির হামজা নামে এক কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত