কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ ৫ মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (২৭মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৭টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় এলাকায় একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা প্রায় ১৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়।
অপরদিকে বৃহস্পতিবার মধ্যরাত ২টায় মায়ানমার থেকে সন্দেহজনক একটি ফিশিং বোট শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকা দিয়ে বাংলাদেশের জলসীমায় প্রবেশের চেষ্টা করলে বোটটি আটক করা হয়। এসময় আটককৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ ৪ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। আটককৃত মাদক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন।
